স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তাকে নানান বিশেষণে বিশেষায়িত করা যায়। যেমন ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি ব্রায়ন লারা তাকে একটি বিশেষ বিশেষণে বিশেষায়িত করেছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কোহলিকে ক্রিকেটের রোনালদো বলে উল্লেখ করেছেন।
তার মতে কোহলি লোকেশ রাহুল কিংবা রোহিত শর্মার চেয়ে বেশি মেধাবী নন। কিন্তু খেলার প্রতি তার যে ডেডিকেশন, প্রতিটি ম্যাচকে সামনে রেখে তিনি যেভাবে নিজেকে প্রস্তুত করেন সেটা অন্যদের চেয়ে এগিয়ে রাখে তাকে।
লারা বলেছেন, ‘ম্যাচের জন্য প্রস্তুতির বাইরেও কোহলি অনেক কিছু করেন। যেমন তার কমিটমেন্ট অন্যদের চেয়ে আলাদা। আমি মনে করি না সে লোকেশ রাহুল কিংবা রোহিত শর্মার চেয়ে বেশি ট্যালেন্টেড। কিন্তু একটি ম্যাচকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে কোহলির যে কমিটমেন্ট সেটা অন্যদের চেয়ে তাকে এগিয়ে রাখে। আমার কাছে সে ক্রিকেটের রোনালদো। তার ফিটনেস লেভেল, তার মানসিক শক্তি অবিশ্বাস্য।’
৫০ বছর বয়সী লারা টেস্ট ক্যারিয়ারে ১২০০০ রান করেছিলেন। তিনি মনে করছেন কোহলি যেকোনো সময়ের সেরা একাদশে জায়গা করে নেওয়ার মতো প্লেয়ার। সেটা ১৯৭০ সালের ক্লাইভ লয়’ড এর ‘আনবিটাবলস’ কিংবা স্যার ডন ব্র্যাডম্যানের ১৯৮৪ সালে করা ‘ইনভিনসিবলস’ হোক।
‘কোহলির ব্যাটিং স্কিল অবিশ্বাস্য। সে এমনই একজন ক্রিকেটার তাকে কোনো যুগেই ফেলে দেওয়া যাবে না। যেকোনো যুগের একাদশে সে জায়গা করে নিবে। যদি কোনো ক্রিকেটার তিন ফরম্যাটেই ৫০ এর উপরে গড়ে রান করে তাহলে তাকে আপনি উপেক্ষা করতে পারবেন না।’ যোগ করেন লারা।


