স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ডের পেসার লোকি ফার্গুসন। তার ইনজুরিতে কপাল খুলেছে ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার পেসার কাইল জেমেইসনের। ফার্গুসনের বদলি খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। বক্সিংডে টেস্টের ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকে।
২৪ বছর বয়সী জেমেইসন নেইল ওয়াগনার, টিম সাউদি, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টকে নিয়ে গড়া নিউজিল্যান্ডের পেস বিভাগে যুক্ত হবেন।
জেমেইসন ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৭২ উইকেট নিয়েছেন। গড় ২৭.৯৩। তার সেরা বোলিং ফিগার ৭৪ রানের বিনিময়ে ৮ উইকেট। যা তিনি ২০১৬ সালের নভেম্বরে নিয়েছিলেন।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড এর মতে জেমেইসন তাদের পেস আক্রমণে ভিন্ন কিছু যুক্ত করবে, ‘তার জন্য এটা একটা দারুণ সুযোগ। ঘরোয়া চারদিনের ক্রিকেটে সে মুগ্ধ করার মতো পারফরম্যান্স করেছে। নিউজিল্যান্ডের শীতকালিন ক্যাম্প ও নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে তার উন্নতিতে আমরাও বেশ উৎসাহিত। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই পেসার ভালো বাউন্স পাবে এবং আমাদের পেস আক্রমণে ভিন্ন কিছু যুক্ত করবে।’
আগামীকাল বুধবার কাইল জেমেইসন নিউজিল্যান্ডের স্কোয়াডে যোগ দিবেন। এরপর নিজেকে প্রস্তুত করবেন বক্সিংডে টেস্টের জন্য।


