ঢাকাWednesday , 11 December 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাসেলের টেকনিক রপ্ত করতে মুখিয়ে আফিফ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নতুন মৌসুমের বিপিএলে পাল্টেছে অনেক কিছু। পাল্টেছে দল।
গত আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলা আফিফ হোসেন ধ্রুবর নতুন ঠিকানা এখন রাজশাহী রয়্যালস। গত মৌসুমে ডেভিড ওয়ার্নারের সঙ্গে সময় কাটিয়ে নিজের ব্যাটিংয়ে উন্নতির কথা বলেছিলেন আফিফ। ওয়ার্নারের টোটকায় আগ্রাসী ব্যাটিংয়ের ধরন পাল্টেছেন এ বাঁহাতি।
এবার ওয়ার্নার নেই। আফিফের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করবেন সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রাজশাহী রয়্যালস ক্যারিবীয় তারকাকে দিয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। তার অধীনেই এবার বিপিএল খেলবেন আফিফরা।
রাসেলের ব্যাটিংয়ে আহামরি টেকনিক নেই। কিন্তু জায়গায় দাঁড়িয়ে মারতে পারেন বড় বড় ছক্কা। শক্তি ও সামর্থ্যে ভরপুর। তাতেই হয়ে যায় কাজ। পেশীশক্তির পাশাপাশি কিছু বিষয় তো অবশ্যই আছে। সেই বিষয়গুলো রাসেলের থেকে নিতে মুখিয়ে আফিফ।
বুধবার রাজশাহীর জার্সিতে প্রথম অনুশীলন করেন আফিফ। অনুশীলন শেষে গণমাধ্যমে নিজের আগ্রহের কথা জানান বাঁহাতি ব্যাটসম্যান, ‘রাসেলের শক্তি তার পাওয়ার হিটিং। তার মতো পাওয়ার হিটিং করা সম্ভব নয়। তার কোয়ালিটি একরকম, আমি আরেকরকম। তবে সে যে টেকনিক কাজে লাগায়, সেগুলো থেকে ভালো কিছু যেন নিতে পারি সেই চেষ্টা করব।’
দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলকে প্রতিনিধিত্ব করেছেন আফিফ। নেপালে সৌম্য, শান্তদের সঙ্গে আফিফও উড়িয়েছেন দেশের পতাকা। পেয়েছেন সোনার পদক। নিজের ছোট্ট ক্যারিয়ারে এই সাফল্যকে আফিফ দেখছেন সেরা অর্জন হিসেবে।
‘সোনা জয় আমাদের সবার জন্যই বড় অর্জন। দেশের জন্য এমন কিছু করার সুযোগ সবার জন্য আসে না। আমাদের জীবনে এই সময়টা এসেছে, আমরা অনেক ভাগ্যবান যে এমন একটি টুর্নামেন্ট খেলতে পেরেছি ও সাফল্য নিয়ে ফিরতে পেরেছি। শুরু থেকেই আমাদের ভাবনা ছিল, আমরা সোনা জিতব। টুর্নামেন্টে আমরা সেই মনোযোগ ধরে রাখতে পেরেছি। আমরা সবাই খুশি’- বলেছেন আফিফ।
শেষ বিপিএলে নিজেকে মেলে ধরেছিলেন আফিফ। এবারও তার চাওয়া আগের বিপিএলকে ছাড়িয়ে যাওয়া, ‘প্রতিটি ম্যাচে ভালো পারফর্ম করতে চাই। নিজের সেরাটা দিতে চাই। আগে যে বিপিএলগুলো খেলেছি, সেখানে যে ভুলগুলো করেছি, ওই ভুলগুলো আর না করে আরও ভালো পারফর্ম করার আশা করছি। টুর্নামেন্টে ছন্দ গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো করতে পারলে টুর্নামেন্ট ভালো যায়।’
বৃহস্পতিবার রাজশাহী নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ শক্তিধর ঢাকা প্লাটুন।