নিউজ ডেস্ক : বিপিএলের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বলিউডের সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
দীর্ঘ তিন বছর পর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করতে যাচ্ছে বিপিএল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফ্রাঞ্চাইজি বাদ দিয়ে এবার আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। বিসিবি সভাপতি নাজমুল হাসান আগেই জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে বিপিএলের উদ্বোধন। আয়োজনে কোনো কমতি রাখছে না বিসিবি। সালমান খান ও ক্যাটরিনা কাইফ বাদে ভারত থেকে আরও আসবেন সনু নিগাম ও কৈলাশ খের। এ মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ ও ব্যান্ডদল জেমসের।
৮ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলায় বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ৬ ঘন্টার অনুষ্ঠান শেষ হবে রাত ১০টা ৩০ মিনিটে। সাধারণ দর্শকদের জন্য দুঃসংবাদ। খুব অল্পসংখ্যক দর্শকই মাঠে বসে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন।
বোর্ড সভাপতি জানিয়েছেন, সাধারণ দর্শকদের জন্য টিকিট থাকতে পারে হাজার পাঁচেক। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে, হোটেল ওয়েস্টিন, ফাহিম মিউজিক ও ক্যাফে ইডেনে। এছাড়া অনলাইনে টিকিট পাওয়া যাবে, www.shohoz.com, www.paypoint.com.bd এবং www.gadgetbangla.com এ।
বঙ্গবন্ধু বিপিএলের স্পন্সর হয়েছে আকাশ এবং উদ্বোধনী অনুষ্ঠানের স্পন্সর হয়েছে বসুন্ধরা গ্রুপ।


