বিনোদন ডেস্ক : নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত প্রযোজনা ‘হেলেন কেলার’। আগামী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে এই মনোড্রামা। অপূর্ব কুমার কুন্ডু রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন জাহিদ রিপন।
বিশ্বের বিস্ময় মহিয়সী নারী হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম, দর্শনভিত্তিক একক অভিনয় নাট্য বা মনোড্রামা হেলেন কেলারে অভিনয় করছেন জুয়েনা শবনম। প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল।
নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক জাহিদ রিপন জানান, অন্ধ ও বধির নারী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান সালিভানের অতি-মানবিক প্রেরণায় হেলেন কেলারের সকল নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি ‘হেলেন কেলার’। রবীন্দ্রমানসে প্রভাবিত হেলেন তার শিক্ষয়িত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি, আইনস্টাইনসহ বিশ্ববিখ্যাত ব্যক্তিদের সান্নিধ্যে তার জীবন সমৃদ্ধির কথা। উঠে আসে নারীজাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ, ধ্বংস, সহিংসতা, বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি রয়েছে ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গ।


