স্পোর্টস ডেস্ক : বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন টম ল্যাথামের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড পেয়েছিল বড় সংগ্রহের ভিত। দ্বিতীয় দিন বিজে ওয়াটলিং ও অভিষিক্ত ডার্ল মিচেলের ফিফটিতে সেই রান বাড়িয়েছে কিউরা। স্টুয়ার্ট ব্রডের বোলিংয়ে ইংল্যান্ড এরপর ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু ব্যাটিংয়ে দ্রত দুই উইকেট হারিয়ে চাপে রয়েছে ইংলিশরা।
হ্যামিল্টন টেস্টের প্রথম দিনের অনেকটা কেড়ে নিয়েছিল বৃষ্টি। শনিবার দ্বিতীয় দিন নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩৭৫ রানে। দিন শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৩৯। এখনো ৩৩৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা, হাতে ৮ উইকেট।
সেডন পার্কে ৩ উইকেটে ১৭৩ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু দিনের শুরুতে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। সেঞ্চুরিয়ান ল্যাথামকে বোল্ড করে ফেরান ব্রড। আগের দিনের ১০১ রানের সঙ্গে এদিন ল্যাথাম যোগ করতে পারেন মাত্র ৪ রান।
হেনরি নিকোলসও এরপর বেশিক্ষণ টেকেননি। ১৬ রানে তিনি আউট হন স্যাম কুরানের বলে। দুইশর আগে ৫ উইকেট হারানোর পর নিউজিল্যান্ডকে এগিয়ে নেন প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান ওয়াটলিং ও অভিষিক্ত মিচেল।
এই দুজন দলের স্কোর পার করেন তিনশ। ফিফটি তুলে নেন দুজনই। ওয়াটলিংকে ফিরিয়ে ১২৪ রানের জুটি ভাঙেন ব্রড। একটু পর মিচেলও ব্রডের শিকার। ওয়াটলিং ৫৫ ও মিচেল করেন ৭৩ রান। এরপর নিয়মিত বিরতিতে বাকি উইকেট হারায় কিউইরা।
ব্রড ৭৩ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার। আরেক পেসার ক্রিস ওকস ৮৩ রানে নেন ৩ উইকেট। কুরান ২টি ও জোফরা আর্চার নেন একটি উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ওভারেই ডমিনিক সিবলিকে হারায় ইংল্যান্ড। টিম সাউদির বলে এলবিডব্লিউ হন ৪ রান করা সিবলি। দুই অঙ্কে যেতে পারেননি তিনে নামা জো ডেনলিও। ১০ ওভারের মধ্যে ২৪ রানেই তখন ২ উইকেট নেই সফরকারীদের।
দিনের বাকি আট ওভারে অবশ্য আর কোনো বিপদ হতে দেননি ররি বার্নস ও জো রুট। ওপেনার বার্নস ২৪ ও অধিনায়ক রুট ৬ রানে অপরাজিত আছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটি ১৫ রানের।


