কলেজ সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের সমাবর্তন অনুষ্ঠান হবে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনাম-উজ-জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন হবে। গত বছরের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজেরও সমাবর্তন অনুষ্ঠান হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের ইডেন কলেজে এবং ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সমাবর্তন হবে ঢাকা কলেজ ক্যাম্পাসে। সাত কলেজের শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মূল সমাবর্তন অনুষ্ঠানে যুক্ত করা হবে বলেও উল্লেখ করা হয় ঐ বিজ্ঞপ্তিতে।
এবারের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ২০১৫ সালে পদার্থে নোবেল বিজয়ী টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর কসমিক রিসার্চ এর পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা।
উল্লেখ্য, তিনটি পৃথক ভেন্যুতে এই সমাবর্তন অনুষ্ঠান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এবং সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দেয়া হবে ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে।


