স্পোর্টস ডেস্ক : রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে চলমান আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৯ এর বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চীনের ম্যাংকি লি ও ইওয়েনদান ঝু জুটি। আজ শনিবার দ্বৈতের ফাইনালে চীনের ম্যাংকি লি ও ইওয়েনদান ঝু জুটি ৭-৫, ৬-০ সেটে ভারতের হেতভি চৌধুরী ও ছাবানা শ্রী লি মালেলা শ্রীনাথ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এদিকে আজ বালক ও বালিকা এককের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বালক এককের ফাইনালে উঠেছেন ভারতের উদয়বীর সিংহ ও আদিত্য বর্ধন রায় চৌধুরী। আর বালিকা এককের ফাইনালে উঠেছেন চীনের হাওয়াইন উ ও ম্যাংকি লি।
এদিকে বালিকা দ্বৈতের ফাইনালে চীনের ম্যাংকি লি ও ইওয়েনদান ঝু জুটি ৭-৫, ৬-০ সেটে ভারতের হেতভি চৌধুরী ও ছাবানা শ্রী লি মালেলা শ্রীনাথ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বিকেলে বালক এককের প্রথম সেমিফাইনালে ভারতের উদয়বীর সিংহ ৬-৩, ৬-৩ সেটে স্বদেশী অনর্ঘ গাঙ্গুলিকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। আর দ্বিতীয় সেমিফাইনালে ভারতের আদিত্য বর্ধন রায় চৌধুরী ৬-৪, ৬-০ সেটে জাপানের নাথান আকিরা মাতসুগুমাকে হারিয়ে ফাইনালের টিকিট পায়।
এদিকে বালিকা এককের সেমিফাইনালে চীনের হাওইয়ান উ ৬-১, ৬-৪ সেটে ভারতের স্বেতা সামন্তকে হারিয়ে ফাইনালে ওঠে। আর দ্বিতীয় সেমিফাইনালে চীনের ম্যাংকি লি ৬-০, ৬-৪ সেটে স্বদেশী জিওয়েন মুকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।
বালক দ্বৈতের সেমিফাইনালে ভারতের জুটিদ্বয় সুবাস পরমাস্যম ও উদয়বীর সিংহ ৩-৬, ৬-৪ ১০-২ সেটে জাপানি জুটিদ্বয় রিও মুরাকামী ও গাকুতা তানাকাকে হারিয়ে ফাইনালে উঠেছে। অপর সেমিফাইনালে ভারতের জুটিদ্বয় আদিত্য বর্ধন রায় চৌধুরী ও জয়েসবিন সিদানা ৬-৩, ৬-৪, সেটে জাপানের জুটিদ্বয় তাকুযা কবাইয়াসি ও নাথান আকিরা মাদসুগুমাকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
আগামীকাল রোববার সকালে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে বালক একক, বালিকা একক ও বালক দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দুপুরে হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


