ঢাকাSunday , 10 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালের অনায়াস জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : তিন সপ্তাহ আগে মায়োর্কার কাছে ১-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এরপর পাঁচ ম্যাচে মাঠে নেমে একটি গোলও হজম করেনি রিয়াল। কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৬ বার! সবশেষ শনিবার রাতে এইবারকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। এমন জয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। এই জয়ের ফলে ১২ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা।
শনিবার এইবারের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। এ সময় ডি বক্সের বাইরে থেকে নেওয়া একটি শট গোললাইনের সামনে থেকে রুখে দেন এইবারের গোলরক্ষক। কিন্তু বলটি তিনি ধরতে পারেননি। তার হাতের সামনে থেকে বামদিকে বল বাড়িয়ে দেন ইডেন হ্যাজার্ড। করিম বেনজেমা ডানপায়ের আড়াআড়ি শট দূর পোস্ট দিয়ে জালে আশ্রয় নেয়।
২০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এ সময় ডি বক্সের মধ্যে ইডেন হ্যাজার্ডকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস। ২৯ মিনিটের মাথায় ব্যবধান হয় ৩-০। এ সময় এইবারের কতে ডি বক্সের মধ্যে ফেলে দেন লুকাস ভাসকেজকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এবার স্পট কিক নিতে আসেন করিম বেনজেমা। পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি রিয়ালকে এগিয়ে নেন ৩-০ ব্যবধানে।
বিরতির পর অবশ্য রিয়াল খুব বেশি আক্রমণাত্মক খেলেনি। তারপরও একটি গোল পেয়েছে তারা। ম্যাচের ৬১ মিনিটে ডানদিক থেকে ডি বক্সের বাইরে থাকা উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দেকে বল বাড়িয়ে দেন লুকা মদ্রিচ। বল আসতে দেখে ডি বক্সের মধ্যে ঢুকতে ঢুকতে শট নেন ভালভার্দে। বল তার গন্তব্য খুঁজে পায়। তাতে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।