স্পোর্টস ডেস্ক : পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার দুই ম্যাচ ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের নারীরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের নারীরা প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায়। জবাবে বাংলাদেশের নারীরা ৪৭.৪ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায়। তাতে ২৯ রানে জয় পায় পাকিস্তান।
ব্যাট হাতে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা একপ্রান্ত আগলে রেখে চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। তিনি ৭৭ বল খেলে ৪টি চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন। রুমানা আহমেদ করেন ২৮ রান। ফারজানা হকের ব্যাট থেকে আসে ২৭টি রান। এ ছাড়া শারমিন আক্তার ও সালমা খাতুন ২০টি করে রান করেন।
পাকিস্তানের সানা মীর ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন দিয়ানা বাইগ, সাদিয়া ইকবাল ও নাশরা সান্ধু।
তার আগে বল হাতে বাংলাদেশের জাহানারা আলম ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন পান্না ঘোষ ও নাহিদা আক্তার। ১টি করে উইকেট নেন সালমা খাতুন ও ফাহিমা খাতুন।
ব্যাট হাতে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার নাহিদা খান সর্বোচ্চ ৬৮ রান করেন। বিসমাহ মারুফ ৩৯, আলিয়া রিয়াজ ৩৭ ও উমাইমা সোহেল ২৯ রান করেন। দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে সোমবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তানের নারীরা।

