মাদারীপুর সংবাদদাতা : পুলিশ পরিচয় দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলায় গ্রামীণ ফোন কোম্পানির এক আইটি কর্মকর্তাকে বেদম মারধর করে নগদ টাকাসহ প্রায় সাড়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে ছিনতাইকারীরা।
শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আক্রান্ত মুরাদ হোসেন উপজেলার বালীগ্রাম এলাকার ঘুইঙ্গাকুল গ্রামের সোহরাফ হোসেনের ছেলে।
কালকিনি উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত গ্রামীণ ফোনের আইটি কর্মকর্তা মুরাদ হোসেন তার ব্যক্তিগত মোটর সাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পুলিশের পোশাক পরিধান করা দুই ব্যক্তি তার গতিরোধ করেন। এ সময় মুরাদ হোসেনকে বেদম মারধর করে তার সঙ্গে থাকা একটি ল্যাপটপ, একটি মোবাইল, ব্যাগে থাকা নগদ ৪ লাখ টাকা ও তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যায় ভুয়া পুলিশ পরিচয় দেয়া ছিনতাইকারীরা। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ডাসার থানার এসআই মেহেদী হাসান বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত সংগ্রহ করেছেন। মূলত ছিনতাইকারীরা ভুয়া পুলিশ পরিচয় দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

