কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নুর মোহাম্মদ (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে টেকনাফ উপজেলার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তের নাফ নদী এপারে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত সিদ্দিক আহমদের পুত্র। এসময় আবুল কালাম (৩০) নামের আরো এক জেলে আহত হয়েছেন । তিনি ওই এলাকার বক্তার আহমদের ছেলে।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ওই গ্রামের পার্শ্ববর্তী নাফ নদীতে নুর মোহাম্মদ মাছ ধরতে যান। এসময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। এসময় আবুল কালাম নামের আরো এক জেলে আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ নিহত নুর মোহাম্মদের মৃতদেহ উদ্ধার করেছে।
টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সীমান্তে এক বাংলাদেশি জেলে নিহত হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছি। এঘটনায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কাছে প্রতিবাদ লিপি পাঠিয়ে বিষয়টির কারণ জানতে চাওয়া হবে। ঘটনাটি অত্যন্ত দু:খজনক।

