নিজস্ব প্রতিবেদক : দুটি পৃথক অভিযানে ৬৯ পিচ সোনার বারসহ দুজন স্বর্ণ চোরাচালানকারীকে আটক করেছে যশোর বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের সাদিপুর বেলতলা মোড় থেকে স্বর্ণসহ তাদেরকে আটক কো হয়।
আটককৃতরা হলেন- শার্শার সাদিপুর গ্রামের হাসমত উল্লার ছেলে মোমিনুর রহমান (৫০) ও পোড়াবাড়ী গ্রামের আব্দুল হাশেম চৌধুরীর ছেলে নুরুল ইসলাম (৩২)।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোলের সাদিপুর ও আমড়াখালী চেকপোস্ট এলাকা দিয়ে দুটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এসময়ে ফোর্স নিয়ে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে বৃহস্পতিবার সকালে বেনাপোলের সাদিপুর সীমান্তে ৩.৮ কেজি ওজনের ৪৯ পিচ স্বর্ণেরবারসহ মোমিনুরকে আটক করা হয়। অপরদিকে আমড়াখালী চেকপোস্ট থেকে লোকাল বাস তল্লাশী করে ২০ স্বর্ণের বারসহ নুরুল ইসলামকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ১৬ লাখ টাকা। আটককৃতদের নামে স্বর্ণ পাচারের মামলার প্রক্রিয়া চলছে।

