সাভার সংবাদদাতা : সাভারে স্যুটার গান ও পাঁচশ পিস ইয়াবাসহ প্লাবন খান মজলিস নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার গভীর রাতে পৌর এলাকার দক্ষিণপাড়া নিজ বাড়ি সংলগ্ন ব্যক্তিগত অফিস থেকে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার প্লাবন খান মজলিশ (২৫) সরকারি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
র্যাব জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর এএসপি নরেশ চাকমা ও এসআই কাউসার মাতবরের নেতৃত্বে রাজধানীর মিরপুরের র্যাব-৪ চৌকস দল সাভার দক্ষিণপাড়া এলাকায় ওই ছাত্রলীগ নেতার ব্যক্তিগত অফিসে অভিযান চালায়। এ সময় তল্লাশী চালিয়ে একটি স্যুটার গান ও পাঁচশ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর র্যাব-৪ এর এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও মাদকসহ আটক ছাত্রলীগ নেতা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। ইতোপূর্বে বিভিন্ন গ্রাহকের কাছে মাদক বিক্রির বিপুল সংখ্যক তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। এর আগেও ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

