বরগুনা প্রতিনিধি : বরগুনায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল জানিয়েছেন, পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামের জুয়েল প্যাদা (৪২) বিগত ২০১৭ সালের ২৫ মে টাইগার নামক কোমল পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে অজ্ঞান করে তার ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করেন। ওইদিন কিশোরীর মা সাবিনা বেগম ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। ঘটনার তিনদিন পরে ২৮ মে কিশোরীর নানা আবদুল হামিদ কাজী বাদী হয়ে জুয়েল প্যাদাকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলাটি বিচারের জন্য বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পাঠানো হয়। রায় ঘোষণার সময় আসামি জুয়েল প্যাদা আদালতে উপস্থিত ছিলেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন আ্যাডভোকেট আশরাফুল আলম। আসামি পক্ষে ছিলেন আ্যাডভোকেট হুমায়ুন কবির।

