নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল সীমান্তে ১ কেজি ১৭০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ ভারতের নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে গোপাল সরকারকে (৬০) গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃত শিবু সরকারের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন এক ভারতের নাগরিক বিপুল পরিমাণ সোনা নিয়ে ভারতে প্রবেশ করবে। এই সংবাদের ভিত্তিতে দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার মোজাফফার হোসেন ও নায়েক কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করে।
জব্দকৃত সোনার মূল্য ৫৮ লাখ ৫১ হাজার টাকা বলে বিজিবি জানায়। গোপাল সরকারের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

