নিজস্ব প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার, শ্রীমঙ্গল রোড, কালাপুর বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন পুলিশ লাইনের পুলিশ ফোর্স। অভিযানকালে শাহ মোহাম্মদ আব্দুল শুকুর নামে একজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষণিক আমলে নিয়ে ভৈরবগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স পাল ব্রাদার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ ৫০০ টাকা প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল- মূল্য তালিকায় পেঁয়াজের দাম কেজিপ্রতি বিক্রয় মূল্য ৮৫ টাকা লেখা থাকলেও অভিযোগকারীর কাছে ১০০ টাকা বিক্রয় করেছেন। এছাড়াও অভিযানকালে শ্রীমঙ্গল রোডে অবস্থিত শ্রী শ্রী ঠাকুরবাণী মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা, কালাপুর বাজারে অবস্থিত মা ফার্মেসীকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য রেখে বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এ সকল জরিমানা করেন।

