নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে জেলার পুঠিয়া উপজেলা সদরে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকার আজিম উদ্দীন (৪২) ও তার স্ত্রী রুমা বেগম (৩৫)। আজিম উদ্দীন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য। পুঠিয়ার পালোপাড়া গ্রামে তার শ্বশুর বাড়ি। পুঠিয়া উপজেলা সদরে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে তিনি ভাড়া বাসায় থাকতেন।
পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, স্ত্রী রুমা বেগমকে নিয়ে জনতা ব্যাংকে যাচ্ছিলেন বিজিবি সদস্য আজিম উদ্দীন। উপজেলা সদরে জনতা ব্যাংকের সামনে যেতেই একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে এই দম্পতি গুরুতর আহত হন। তখন স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছেন। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত করার জন্য মরদেহ দু’টি রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

