
নরসিংদীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে বিদ্যুতের খোঁজখবর নেন জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান
নিজস্ব প্রতিনিধি : নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত নরসিংদী সদর উপজেলার আশিংক এবং পলাশ উপজেলায় মোট ৯৭টি পূজামণ্ডপে চলমান দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পূজারীগণ। নরসিংদী সদর ও পলাশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে জানা যায়, গত ৪ অক্টোবর থেকে ষষ্টি পূজা দিয়ে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রতিদিন সকাল-সন্ধ্যা নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমানসহ ডিজিএম, এজিএম ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারি মণ্ডপে মণ্ডপে গিয়ে বিদ্যুতের খোঁজখবর নিচ্ছেন।
ভাটপাড়া বাজারস্থ শ্রী সুকেশ চন্দ্র দাসের দুর্গা মন্দিরের পূজা কমিটির সভাপতি বাবু নারায়ণ চন্দ্র দাস জানান, এবার পূজায় তারা সার্বক্ষণিক বিদ্যুৎ পেয়েছেন। জেনারেটর কাজে লাগেনি। ফলে তাদের অনেক সাশ্রয় হয়েছে। পাঁচদোনা মঠবাড়ি পূজা কমিটির সাধারণ সম্পাদক এবং জেলা পূজা উদযাপন কমিটির সদস্য বাবু সুজিত সেন গুপ্ত বলেন, পল্লী বিদ্যুৎ এবার বিদ্যুৎ সরবরাহে তেলেসমাতি দেখিয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকায় পূজারীদের কোন কষ্ট হয়নি, কোন প্রকার অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। নওপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক মানিক চন্দ্র মিত্রেরও একই কথা। তিনি বিআরইবি’র চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) সাহেবকে ধন্যবাদ জানান পূজায় বিদুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য।
এ ব্যাপারে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে তিনি এবং তার অধীনস্তরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।
সম্পাদনা : রাফসান জাহান নিশাদ

