ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে শহরে মাইকিং করেছে জেলা মৎস্য দপ্তর। মঙ্গলবার সকাল থেকে মাইকিং শুরু হয়ে দিনব্যাপী চলবে।
আগামী কাল ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। এ সময়ে ইলিশ মাছ আহরণ,পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে বলা হয়েছে।
আইন অমান্যকারীর শাস্তি কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড প্রদান করার বিধান রয়েছে।
ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় মা ইলিশ ডিম পাড়ে। তাই ইলিশ ধরা বন্ধ করা হয়েছে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। ইলিশ ধরা বন্ধের সময় জেলেদের আর্থিক সহায়তা করা হবে।

