নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষার জন্য বসতবাড়ি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাল খা (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার তারাই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লাল খা উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই গ্রামের কুরবান খানের ছেলে। এঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতরা হলেন-একই গ্রামের কালু খার ছেলে সুলতান খা (৩৫), নিশান আলী খানের ছেলে কালু খান ও অজ্ঞাত আরো একজন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলার অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা জানান, উপজেলার তারাই গ্রামে হঠাৎ করে যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। এতে যমুনার হাত থেকে বসতঘর রক্ষার জন্য ঘরের চাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লাল খা মারা যান।

