সাতক্ষীরা প্রতিনিধি : গত ২৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশান কৈখালী এর একটি টহল দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন আম্রতলি খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। বনদস্যু জোনাব বাহিনীর সদস্যগন কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে কোস্ট গার্ড সদস্যদের উপর গুলি চালায় এবং কোস্ট গার্ড সদস্যরাও আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ফলে ডাকাত সদস্যরা গহীণ বনের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে কোস্ট গার্ড অপারেশন দল উক্ত স্থান থেকে বনদস্যু জোনাব বাহিনীর ২ জন সক্রিয় ডাকাত সদস্যকে ৩টি আগ্নেয়াস্ত্র, ২১ রাউন্ড তাজা গোলা, ২টি কুঠার, ১টি দা, ৪টি মোবাইল ফোনসহ আটক করে এবং বনদস্যু জোনাব বাহিনীর কবল হতে মুক্তিপণের জন্য জিম্মিকৃত ৩ জন জেলেকে উদ্ধার করে। আটককৃত ডাকাত সদস্যরা হলো- আব্দুল মালেক গাজী, আবদুললা গাজী। উদ্ধারকৃত জেলেরা হলো- আমিনুল গাজী, আবু সাঈদ গাজী ও আজিবর মাঝি। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মালামাল ও আটককৃত বনদস্যু এবং উদ্ধারকৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

