ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জয়দা গ্রামের লেংড়াবাজার এলাকায় পারুল ঋষি (৪০) নামের এক বিধবা নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে প্রতিবেশীরা ঘরে গিয়ে মেঝেতে পারুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত পারুল ঐ এলাকার মৃত জংলি ঋষির স্ত্রী। তিনি পাঠা পালন করে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, শনিবার রাতে সন্তানরা কেউ বাড়িতে না থাকায় পারুল একা ঘরে ঘুমিয়ে ছিলেন। রোববার সকালে প্রতিবেশীরা ঘরে গিয়ে মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং গলার এক পাশে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি। হত্যার সাথে সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

