নিজস্ব প্রতিনিধি :নরসিংদীতে অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশের এক মতবিনিময় সভা নরসিংদী পৌরসভার খাটেহারা ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সৈয়দুজ্জামান। নরসিংদী পৌরসভার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জনাব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নরসিংদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বেল্লাল হোসেন, নরসিংদী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা মো. মোবারক হোসেন, নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা হাজি মো. মকবুল হোসেন ও পৌরসভার ৯নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি মো. হাবিবুর রহমানে প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি নরসিংদী মডেল থানার ইনচার্জ মো. সৈয়দুজ্জামান বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, চুরি, ডাকাতি সমাজে সর্বদাই অশান্তি সৃষ্টি করে। মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
তিনি বলেন, বাল্যবিবাহ বন্ধে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। কেউ জোর করে বাল্যবিবাহের আয়োজন করলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়ার উদাত্ত আহ্বান জানান তিনি। পাশাপাশি সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভটিজিং বন্ধে জনগণের সহায়তা কামনা করেন। তিনি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

