সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা শহরের বাঙালের মোড়ে নিজের গাড়ির যাত্রী নামাতে গিয়ে নিজেই চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মেহেদি হাসান (২২)।
বুধবার সকালে শহরের বাঙ্গালের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের কামরুল ইসলামের ছেলে। মেহেদি হাসান পেশায় বাসের সহযোগী ছিলেন।
তাকে যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি এই অভিযোগ এনে বিক্ষুব্ধ শ্রমিকরা সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার ও কর্মচারিদের উপর চড়াও হয়।
পরে তারা সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনাচর্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাসটি কালিগঞ্জের দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিল। শহরের বাঙ্গালের মোড়ে যাত্রী নামাতে বাসের সহযোগী মেহেদি হাসান (২২) নিচে নেমে আসেন। এ সময় বিপরীত থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর মারা যান তিনি।য়ামরা ট্রাকটি জব্দ করেছি।
তিনি আরো বলেন, ‘শ্রমিকদের অভিযোগ যথাসময়ে চিকিৎসা না দেওয়ায় রক্তক্ষরণে মারা যান মেহেদি। এর প্রতিবাদে শ্রমিকরা প্রথমে হাসপাতালের ডাক্তার ও কর্মচারিদের উপর চড়াও হয়। পরে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরো জানান, নিহত মেহেদির লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

