নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধসহ পাঁচ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়ি ভাংচুর করা হয়।
আজ শুক্রবার ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে সংঘর্ঘ ঘটে।
আহতরা হলেন, রায়হান মিয়া (১৭), খলিলুর রহমান (৪৫), মোসলেম মিয়া (৩৫), মান্নান মিয়া (১৭) ও হানিফ মিয়া (২৬)। এদের মধ্যে গুলিবিদ্ধ রায়হাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে আলোকবালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও ইউনিয়ন তাঁতিদলের সভাপতি হানিফ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে মাঝে-মধ্যে হামলা ও পাল্টা মামলা ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষের লোকজন। এর ধারাবাহিকতায় সকালে বিবাদমান দুই গ্রুপের সমর্থকরা টেঁটা ও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের পাঁচ জন টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

