মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার আলিপুরা অংশে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (২৫) ও মিরাজ (১৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ইছাপুরা গ্রামের মোস্তফার ছেলে ও মিরাজ একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামরুজ্জামান রাজ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে চাঁদপুরে যাবার পথে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে মহাসড়কে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক জাকির হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অপর আরোহী মিরাজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহত জাকির হোসেনের মৃতদেহ গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ও নিহত মিরাজের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।

