নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সিআইখোলা এলাকার একটি ফ্ল্যাটে দুই শিশু কন্যাসহ মাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের সাততলা ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা নাজনীন (২৮) ও তার দুই শিশু কন্যা নুসরাত (৮), খাদিজা (২)। নাজনীন সিআইখোলা এলাকার বাসিন্দা সুমনের স্ত্রী। সুমন সানারপাড় জোনাকি পেট্রোল পাম্পে চাকরি করেন এবং রাতের শিফটে ডিউটি করেন।
প্রতিবেশীরা জানিয়েছে, সুমন পেট্রোল পাম্পে কাজ শেষে বাড়িতে ফেরার পর ফ্ল্যাটে গিয়ে দেখেন স্ত্রী ও দুই কন্যার লাশ পড়ে আছে। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা গিয়েছেন। ফরেনসিক ইউনিট ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ না করা পর্যন্ত ওই ফ্ল্যাটে গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিষেধ করে রেখেছে পুলিশ।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ফারুক জানিয়েছেন, ফরেনসিক বিভাগের কর্মকর্তারা আলামত সংগ্রহের পর সংবাদকর্মীদের ওই বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ ও নিহতের পরিবারের কেউ কিছুই বলতে পারছে না।

