সাভার সংবাদদাতা: সাভারের পৌর এলাকায় এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষনের অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ গ্রামের তোতা মিয়ার ছেলে শাওন ওরফে মেম্বার (২০), নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানাধীন কুতুবপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সুমন (৩২), শরিয়তপুর জেলার ডামুড্যা থানাধীন বড়িরহাট গ্রামের সেলিম ফরাজির ছেলে ইলিয়াস হোসেন (১৮) এবং নওগা জেলার পত্নিতলা থানা এলাকার গবরচাপা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আরিফ (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী পেশাক শ্রমিক তরুণী কাজ শেষে বাসায় ফেরার পর গোপনে বাড়ির পাশের একটি রাস্তায় এক পোশাক শ্রমিক প্রেমিকের সাথে দেখা করতে যায়। এসময় অভিযুক্তরা হঠাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী তরুণীর প্রেমিককে আটকে রেখে মারধর করাসহ জোরপূর্বক ওই পোশাক শ্রমিক তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে । ঘটনার পর আজ শুক্রবার সকালে ভুক্তভোগী তরুণী বাদি হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) এ.এফ.এম সায়েদ বলেন, অভিযুক্তদের আটক করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

