বরগুনা প্রতিনিধি : বরগুনা পৌরশহরের চর কলোনি এলাকায় বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাবা আজাহার মিয়া বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। বুধবার সকালে ছেলে রিপন হাজীকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সকালে আজাহার মিয়া ছেলের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করেন, ছেলে রিপন বেশ কিছু দিন ধরে পৈত্রিক সম্পত্তি নিজের নামে লিখে দেয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করে আসছেন। সম্প্রতি রিপন বাড়ির নাম পরিবর্তন করে নিজের ছেলের নামে রাখেন। এ নিয়ে পারিবারিক অষন্তোষ সৃষ্টি হয়। মঙ্গলবার দিবাগত রাতে পারিবারিক বৈঠকের এক পর্যায়ে আজাহার মিয়াকে লাঞ্চিত করার পাশাপাশি হত্যার জন্য বন্দুক তাক করেন রিপন।
মামলার পরপরই রিপনকে গ্রেপ্তার করে পুলিশ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মাহমুদ বলেন, ছেলে রিপনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

