রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে এক যুবক। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ভাটাপাড়া এলাকার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবল জয়রাম কুমারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান।
আহত কনস্টেবল জয় রাম কুমার রাজশাহী পুলিশ লাইনে কর্মরত। তিনি ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছিলেন।
ওসি শাহাদত জানান, ট্রাফিক অফিসের পাশে ভেড়িপাড়া মোড়ে পুলিশ চেকপোস্ট বসায়। সেখানে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সে মোটরসাইকেলটি কনস্টেবল জয়কুমার ট্রাফিক অফিসে নিয়ে যান। অফিসের ভেতর মোটরসাইকেলটি রেখে বাইরে বের হলে ওই যুবক কনস্টেবল জয় কুমারকে হাঁসুয়া দিয়ে কোপ মারে।
এরপর জয় কুমারের কাছ থেকে লাল রঙের একটি হেলমেট কেড়ে নিয়ে পালিয়ে যায় ওই যুবক। ধারণা করা হচ্ছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাকে ধরতে পুলিশের কয়েকটি টিম মাঠে রয়েছে বলে জানান ওসি।

