মাদারীপুর সংবাদদাতা: ডেঙ্গু থেকে বাঁচতে মাদারীপুরের শিবচরের একটি বিদ্যালয়ের জানালাগুলোতে মশারী টানিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।
জানা যায়, জেলার শিবচর উপজেলা চত্ত্বরে প্রভাতি কিন্ডার গার্টেন বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৪ শ ৫৪ জন। ডেঙ্গু নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। যে কারণে সম্প্রতি শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যাও কমতে শুরু করেছিল। ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থী উপস্থিতি বাড়াতে প্রায় এক সপ্তাহ আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়টির চারপাশের জানালাগুলোতে মশারী টানানো হয়। জানালায় মশারী টানানোর পর থেকে বিদ্যালয়ে বেড়েছে শিক্ষার্থীর উপস্থিতি।
বিদ্যালয়টির অধ্যক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান বলেন, ডেঙ্গু আতঙ্ক বিরাজ করায় বিদ্যালয়টিতে শিক্ষার্থীর উপস্থিতি কমতে শুরু করেছিল। গত সপ্তাহে জানালাগুলোতে মশারী টানানোর পর থেকে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রভাতি কিন্ডার গার্টেনসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সভা-সেমিনার করা হচ্ছে।

