রাজশাহী প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শামসু ডলার ওরফে সুমনের (৩৫) বাড়ি নগরীর ভেড়ীপাড়া এলাকায়। তার বাবার নাম আমান উল্লাহ ওরফে রেন্টু।
মঙ্গলবার রাতে সুমনকে গ্রেপ্তার করা হয়। এরপর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ সময় আদালতে সুমনের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিমান্ড আবেদনের শুনানি হয়নি। শুনানিতে রিমান্ড মঞ্জুর হলে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন ওই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত, তা জানা যাবে।
গত ১৯ আগস্ট রুয়েট থেকে ফেরার পথে অটোরিকশায় রুয়েটের তৃতীয়বর্ষের ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয়। ওই ছাত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই ঘটনা তুলে ধরেন। বলেন, অটোরিকশা চালকের যোগাসাজশে তার শ্লীলতাহানি করা হয়। এ নিয়ে পর দিন তিনি থানায় মামলা করেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, অটোরিকশার পেছনে সাদা রঙ দিয়ে বড় করে ‘আল্লাহু আকবার, সাদিয়া, তাওসিক পরিবহণ, নামাজ কায়েম করুন’ লেখা ছিল। এই সূত্র নিয়েই অটো রিকশা এবং চালককে শনাক্ত করতে সুবিধা হয়। পরে নগরীর শালবাগান এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

