গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার মুকসুদপুর থেকে নিখোঁজের দুই দিন পর সুময়েল সরকার (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিংকু মজুমদার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে মুকসুদপুর উপজেলার কলিগ্রামের একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু সুময়েল সরকার মুকসুদপুর উপজেলার কলিগ্রামের দানিয়েল সরকারের ছেলে ও তালবাড়ী মিশনারী স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র। আটককৃত রিংকু মজুমদার এই গ্রামের প্রভাস মজুমদারের ছেলে।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির আইসি মো. আবুল বাশার জানান, গত শুক্রবার শিশু সুময়েল সরকারকে পাখি মারার কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশি রিংকু মজুমদার। এরপর থেকে সে আর বাড়ী ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি।
পরে সমুয়েলের বাবা বাদী হয়ে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ রিংকু মজুমদারকে আটক করে।
রোববার সকালে ওই গ্রামের একটি পুকুরে সুময়েল সরকারের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

