কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই ও মিঠামইনে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকালে জেলার পাকুন্দিয়ার চরটেকি ও মিঠামইনের খাগড়া গ্রামে এ দুটি হত্যাকাণ্ড ঘটেছে।
পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাকুন্দিয়ার চরটেকি গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মতিউর রহমানের সঙ্গে বড় ভাই আলী আজগর মুকুলের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে বহুবার সালিস হলেও কোনো মীমাংসায় হয়নি। এ বিরোধের জেরে সকালে বাড়িতে বড় ভাই মুকুলকে ছুরিকাঘাত করে মতিউর। এতে ঘটনাস্থলেই মারা যান বড় ভাই মুকুল। এ ঘটনায় মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শাহজাহান মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গ্রামের মৃত কাছুম আলীর ছেলে।
মিঠামইন থানার ওসি জাকির রব্বানি জানিয়েছেন, গ্রামের একটি কাচা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আইয়ুব আলী গ্রুপ ও হাবিব সরকার গ্রুপের মধ্যে গতকাল মঙ্গলবার বিকেলে ঝগড়া হয়। সেই ঝগড়ার জেরে সকালে আইয়ুব গ্রুপ হামলা চালিয়ে হাবিব গ্রুপের শাহজাহানকে বল্লম দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান। এ সময় দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

