ঝিনাইদহ সংবাদদাতা : জেলার শৈলকুপার পাইকপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও বাড়ীঘর ভাংচুর করে লুটপাটের ঘটনা ঘটেছে।
রোববার সকাল ৯টার দিকে লাগা এই সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৪০জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এতে প্রায় ৩০টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসরাইল ও প্রতিপক্ষের সামাজিক মাতব্বর মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এরই জেরে সকালে উভয় পক্ষ ঢাল- সড়কিসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ নারী ও বৃদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৪০জন আহত হয়েছেন। এলাকায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

