মেহেরপুর সংবাদদাতা: ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মেহেরপুরে শুরু হয়েছে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
সোমবার দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে মশা নিধনের ওষুধ স্প্রে করে এর উদ্বোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
এ সময় বিদ্যালয়ের ছাত্রীদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হয়। পরে বিদ্যালয়ের আঙ্গিনায় মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লায় এ ওষুধ স্প্রে করা হবে বলে জানান পৌর মেয়র।
পৌর মেয়র জানান, কোনভাবেই যাতে এডিস মশা এ এলাকায় বংশ বিস্তার করতে না পারে সে লক্ষে সজাগ তারা। এ ছাড়াও প্রতিটি পাড়া মহল্লায় বাড়ির আঙ্গিনা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।
উদ্বোধনকালে পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিছুজ্জামানসহ পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

