নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ীতে মো. মহিবুল্লাহ (৬৫) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে ডাকাতরা। তবে রোববার সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘শনিবার দিবাগত রাতে মমিনবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাত দল অর্থ ও মালামাল লুট করে বাসা থেকে চলে যায়। সকালে ঘরের দরজা খোলা দেখে এলাকাবাসী ভেতরে এসে গলাকাটা লাশ দেখতে পান।’
নিহতের স্বজনেরা জানান, পরিবার নিয়ে মহিবুল্লাহ যাত্রাবাড়ীর মমিনবাগ এলাকার এ/সি-৩৬ নম্বর বাড়ির নিচতলায় থাকতেন। স্ত্রী হাসিনা ফেরদৌস (৪৮) ও মেয়ে মহসিনা আফরোজ প্রীতিও (২৫) থাকেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসার কলিংবেল টিপে ঘরে ঢুকে ৪-৫ জন মুখোশধারী। এরপর তারা বাসার সবার হাত-পা বেঁধে ফেলে।

