মেহেরপুর সংবাদদাতা : সদর উপজেলার গোভিপুর গ্রামে মাদক ব্যবসায়ী দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে হামিদুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে গ্রামের মাথাভাঙ্গা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় এক ডজন মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এছারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, রাত ৩টার দিকে ওই গ্রামে দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মাথাভাঙ্গা মোড়ে গুলিবিদ্ধ হামিদুল ইসলামের মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মাদক ভাগাভাগি নিয়ে দু’পক্ষের মধ্য গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে।

