টাঙ্গাইল প্রতিনিধি : জেলার দেলদুয়ার উপজেলার সিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রাম থেকে শফিকুল আসলাম (৪০) নামে হাত-পা বাধা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নিহত শফিকুল আসলামের মরদেহ উদ্ধার করে দেলদুয়ার থানা পুলিশ। শফিকুল দেলদুয়ার উপজেলার সুবর্ণতলী গ্রামের ইনছান আলীর ছেলে। তিনি একই গ্রামের খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার এস আই মানিক চন্দ্র দে বলেন, দুপুরের জানতে পারি সদর উপজেলার সুবর্ণতলী গ্রামে একটি মৃতদেহ পরে আছে। খবর পেয়ে আমরা এসে দেখি লাশটি সুবর্ণতলীর পাশে হলেও দেলদুয়ার উপজেলার ব্রাহ্মমখোলা মৌজায় পড়েছে। তাই আমরা দেলদুয়ার থানা পুলিশকে খবর দেই। তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল হক ভূইয়া।
তবে কি কারণে এই ঘটনাটি ঘটেছে তিনি প্রাথমিকভাবে কিছু বলতে পারেন নি । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই বাকিটা জানা যাবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

