সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ওভারটেক করতে গিয়ে একটি মিনি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়ার অপর একটি জ্যাক ট্রাকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও তিনজন।
শনিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা কাসেম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয়ি এখনো পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, রাজশাহীগামী একটি জ্যাক ট্রাক সামনের একটি মিনি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় দ্রুতবেগে মিনি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে জ্যাক ট্রাকটির কেবিনে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালকসহ আরও তিনজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

