নিজস্ব প্রতিবেদক : গত ছয় মাসে ২,১৫৯টি সড়ক দুর্ঘটনায় ২৩২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩৬১ জন। নিহতের মধ্যে রয়েছে ২৯১ জন নারী ও ৩৮১ শিশু।
এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জাতীয় মহাসড়ক, আন্ত:জেলা সড়ক ও আঞ্চলিক সড়কসহ দেশে এসব দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ প্রতিবেদন প্রকাশ করে। ২২টি বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের সভাপতি আশীষ কুমার দে বলেন, দুর্ঘটনা কমাতে যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কের ওপর অধিক নির্ভরশীলতা কমানো প্রয়োজন। এজন্য নৌ ও রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত ও আধুনিকায়ন করতে হবে।

