নিউজ ডেস্ক : বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে প্রতিবেদন।
টাঙ্গাইল : জেলার মির্জাপুরে মালবাহী ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজনু মিয়া (৪৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকাল সাড়ে ১১টার দিকে মির্জাপুর পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মজনু মিয়া উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) আশরাফুল ইসলাম জানান, সকালে মজনু মিয়া বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মির্জাপুর বাজারে যাচ্ছিলেন। পথে চরপাড়া এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। পরে তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
বাগেরহাট : বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মো. ইয়ামিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিৎকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইয়ামিন বাগেরহাট পৌরসভার ইলেকট্রিশিয়ান গোবরদিয়া গ্রামের বেল্লালের ছেলে।
ইয়ামিনের পরিবার জানায়, সকাল ১০টার দিকে রোজ কিন্ডার গার্টেন থেকে রিকশাযোগে মায়ের সাথে বাড়ি ফিরছিল ইয়ামিন। এ সময় শহরের ট্রাফিক মোড় এলাকায় পৌছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। পরে শিশুটিকে স্থানীরা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিৎকিসাধীন অবস্থায় বিকেলে শিশুটির মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাচা-ভাতিজা নিহত : সিরাজগঞ্জে কামারখন্দের বানিয়াগাঁতীতে বাস ও পিকআপের মুখোমুখি সংর্ঘষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী গ্রামের আবু তালেবের ছেলে পিকআপ চালক হিরণ আহমেদ (৪০) ও তার ভাতিজা আশরাফুল ইসলামের ছেলে আতিকুর রহমান (৭)।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে ঢাকা থেকে রংপুরগামী এসআর ট্র্যাভেলের একটি বাস (ঢাকা মেট্রো-১৪-৪৭৬৪) মহাসড়কে ওঠার সময় স্থানীয় একটি পিকআপকে (পাবনা নং-১১-০০৫৯) ধাক্কা দেয়। এ সময় পিকআপটি মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলে ভাতিজা আতিকুর রহমান নিহত হন। খবর পেয়ে পুলিশ আহত চালককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে নেওয়ার পথে চালক মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করার চেষ্টা করছে বলে বঙ্গবন্ধু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান। এ ঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত দুটি যানবহন জব্দ করলেও বাসের চালক ও হেলপার পলাতক।

