লক্ষ্মীপুর সংবাদদাতা: সুদের টাকা না পাওয়ায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজালে এক জেলের বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
হতদরিদ্র এই জেলের নাম গিয়াস উদ্দিন। ঘটনায় তার আত্মীয় লিটন হোসেন বাদল বাদী হয়ে আসামি করে শুক্রবার রাতে রামগতি থানায় এ মামলা দায়ের করেন। এতে চররমিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও তার ছেলে রিয়াজ হোসেনসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
মামলা ও বাদী সূত্রে জানা যায়, বছর খানেক আগে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের কাছ থেকে সুদের ওপর ১০ হাজার টাকা নেন জেলে গিয়াস উদ্দিনের স্ত্রী শাহীনুর বেগম। ইতোমধ্যে ১০ হাজার টাকা পরিশোধও করেন তারা। এরপর থেকে বাকী সুদের ১৪ হাজার টাকা দেওয়ার জন্য ওই নেতা চাপ সৃষ্টি করে আসছিলেন। গত বৃহস্পতিবার সকালে টাকার জন্য চাপ সৃষ্টি করে নেতার ভাতিজা দিদার হোসেন। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তার লোকজন শাহীনুর আক্তার ও তার পরিবারের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা শাহীনুর বেগমের বসত ঘরে আগুন দেয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত শাহীনুর আক্তারের ভাই লিটন হোসেন বাদল। এ সময় শাহীনুর আক্তার, লিটন হোসেন বাদলসহ ৫জন আহত হয়।
রিয়াজ হোসেন জানান, শাহীনুর আক্তারের কাছে আমার বাবার কিছু টাকা পাওনা রয়েছে। এ ঘটনার সাথে তার বাবা ও তাদের কেউ জড়িত নয়। তারাই নিজেরা দোকান থেকে কেরোসিন কিনে এনে তাদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে দাবী করেন তিনি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক জানান, এ ঘটনায় গিয়াস উদ্দিনসহ ৬জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

