স্পোর্টস ডেস্ক : স্বাগতিক দেশ হিসেবে এবার ইংল্যান্ড খেলবে বিশ্বকাপ। ইংলিশ ক্রিকেটারদের মাথায় তাই রাজ্যের বোঝা! শেষ দুই বিশ্বকাপে স্বাগতিক দেশ জিতেছে গৌরবের মুকুটে। এবার ইংল্যান্ড সেই শিরোপা জিততে চায়। কাটাতে চায় শিরোপার দুঃস্বপ্ন।
দল হিসেবে ইংল্যান্ড বেশ শক্তিশালী। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ইংল্যান্ড অনন্য। শেষ চার বছরে নির্দিষ্ট পরিকল্পনায় এগিয়েছে দলটি। ছোট-বড় সব দলকেই তারা হারিয়েছে। নিজেদের মাটিতে তারা পরাক্রমশালী, ভয়ংকর। এউইন মরগ্যানের নেতৃত্বাধীন দলটি তাই বিশ্বকাপে হট ফেভারিট। কিন্তু দল নির্বাচন এখন মরগ্যানের মাথা ব্যথার সবথেকে বড় কারণ। দলের ভেতরের প্রতিযোগীতা এতোটাই বেশি যে কাকে রেখে কাকে বিশ্বকাপে মূল স্কোয়াডে জায়গা দেওয়া হবে তা নিয়ে চিন্তিত মরগ্যান।
‘দুর্ভাগ্যবশত দুইজনকে সরে যেতে হবে। সিদ্ধান্তটা আমাদের জন্য অনেক কঠিন। কারণ তারা প্রত্যেকেই পারফর্ম করছে। যদি পারফর্ম না করতো তাহলে কাজটা আমাদের জন্য সহজ হতো। তবুও তারা দলের জন্য অবদান রাখছে সেটাও বড় বিষয়।’ – বলেছেন মরগ্যান।
পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ১৭ জন খেলোয়াড় রয়েছে স্কোয়াডে। সেখান থেকে ১৫ জনকে নেওয়া হবে বিশ্বকাপে। এদের মধ্যে সবথেকে বেশি আলোচনা হচ্ছে পেসার জোফরা আর্চারকে নিয়ে। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে নাম নেই আর্চারের। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজে রয়েছে। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে তাকে বিশ্রাম দিয়েছিল দল। তার পরিবর্তে খেলেছেন ডেভিড উইলি। পাকিস্তানের বিপক্ষে ৭৩৪ রানের ম্যাচে উইলি ৫৭ রানে নেন ২ উইকেট। তার দারুণ বোলিংয়ে শেষ দিকে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে জয়ের মুখ দেখে ইংল্যান্ড। অধিনায়ক মরগ্যান তার পারফরম্যান্সে সন্তুষ্ট, ‘আমি মনে করি ও দারুণ বল করেছে। বিশেষ করে মধ্যভাগে। বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ ছিল এবং সুইং করাচ্ছিল।’
এ মুহূর্তে ইংল্যান্ড স্কোয়াডে রয়েছে ছয় পেসার। ডেভিড উইলির সঙ্গে জোফরা আর্চার, লিয়াম প্ল্যাঙ্কেট, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও টম কুরান। এদের মধ্যে উইলি, প্ল্যাঙ্কেট ও ওকস সবথেকে অভিজ্ঞ। তাদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হবে তা মোটামুটি নিশ্চিত। বাকিদের সবার সুযোগ আছে জায়গা পাবার। এজন্য নিজেরাই এখন নিজেদের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী।
‘তারা প্রত্যেকে একজন অপরজনের প্রতিদ্বন্দ্বী। শেষ দুই-তিন বছর আগে আমাদের ব্যাটিং এমনটাই ছিল। শেষ চার বছরে ডেভিড উইলি ও লিয়াম প্লাঙ্কেট চাপের মধ্যে ভালো ক্রিকেট খেলেছে। তাদের কাছ থেকে যদি আমরা আরও চাইতাম তাহলে তারা আরও দিতে প্রস্তুত ছিল। তারা হয়তো সেভাবে প্রশংসিত হন না। কিন্তু তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয় তারা সেটা ভালোভাবেই পালন করে।’ – বলেছেন মরগ্যান।

