ঢাকাFriday , 10 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাইব্রেকারে ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে ফাইনালে চেলসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার রাতে জার্মানির ক্লাব এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে উঠেছে চেলসি।
জার্মানির ক্লাবটির মাঠে সেমিফাইনাল প্রথম লেগ ১-১ গোলে ড্র করেছিল চেলসি। বৃহস্পতিবার রাতে স্টামফোর্ড ব্রিজে ফিরতি লেগে মুখোমুখি হয় দল দুটি। এবারও অবশ্য ভিন্ন কোনো ফল হয়নি। ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ভাঙে না সমতা। শেষ পর্যন্ত সমতা ভাঙতে আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। সেখানে চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগার দৃঢ়তায় ৪-৩ ব্যবধানে জয় পায় ব্লুজরা। কেপা টাইব্রেকারে ফ্রাঙ্কফুর্টের মার্টিন হিনট্রেরেগার ও গনসালো পাসেয়েনসিয়ার নেওয়া শট রুখে দেন। আর ইডেন হ্যাজার্ড টাইব্রেকারে শেষ গোলটি করে জয় নিশ্চিত করেন।
অবশ্য এই শটটিই হয়তো হতে যাচ্ছে স্টামফোর্ড ব্রিজে হ্যাজার্ডের শেষ শট। কারণ, মৌসুম শেষে তিনি যোগ দিতে পারেন রিয়াল মাদ্রিদে। বাজে একটি মৌসুম কাটানো স্প্যানিশ ক্লাবটি এই তারকা মিডফিল্ডারকে দলে ভেড়াতে মুখিয়ে আছে। সাত-সাতটি মৌসুম স্টামফোর্ড ব্রিজে কাটানো হ্যাজার্ডও রাজি আছেন রিয়ালের মতো ক্লাবে যোগ দিতে।
ঘরের মাঠে বৃহস্পতিবার ম্যাচের ২৮ মিনিটে লিড নেয় চেলসি। এ সময় বামদিক থেকে রুবেন লোফটাস-চিককে বল বাড়িয়ে দেন ইডেন হ্যাজার্ড। সেই বলের গতিপথ ধরে ডি বক্সের মধ্যে ঢুকে দূরের পোস্টে শট নেন লোফটাস-চিক। বল গড়িয়ে গড়িয়ে জালে জড়ায়। ইংলিশ এই মিডফিল্ডারের করা গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্লুজরা।
বিরতির পর অবশ্য সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ফ্রাঙ্কফুর্ট। ম্যাচের ৪৯ মিনিটে সমতা ফেরান লুকা জোভিচ। তাকে গোলে সহায়তা করেন মিজাত গাসিনোভিচ। এ সময় চেলসির ডি বক্সের সামনে প্রথমে জোভিচকে বল বাড়িয়ে দেন গাসিনোভিচ। সেখান থেকে জোভিচ আবার বল বাড়িয়ে দেন গাসিনোভিচকে। এরপর দ্রুত ঢুকে পড়েন ডি বক্সে। তাকে আবার বল বাড়িয়ে দেন গাসিনোভিচ। বল পেয়ে চেলসির গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল কাঁপান জোভিচ।
তাতে ফেরে সমতা। এই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। অতিরিক্ত সময়েও থাকে সমতা। শেষ পর্যন্ত টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় জিতে যায় চেলসি।ফাইনালে ২৯ মে বাকুতে মুখোমুখি হবে আর্সেনাল ও চেলসি।