স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের পর উয়েফা ইউরোপা লিগেও ইংলিশ ক্লাবগুলোর জয়জয়কার। এখানেও ফাইনালে উঠেছে ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল ও চেলসি। ফাইনালে ওঠার মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা টিকে রইলো ক্লাব দুটির। ইউরোপা লিগের শিরোপা জয়ী দল সুযোগ পাবে চ্যাম্পিয়নস লিগে খেলার।
বৃহস্পতিবার আর্সেনাল ফিরতি লেগে পিয়েরে এমরিক আউবেমেয়াং এর হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে ৪-২ ব্যবধানে। প্রথম লেগ জিতেছিল ৩-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে তারা উড়িয়ে দিয়েছে ৭-৩ ব্যবধানে।
অবশ্য ১৩ বছর পর স্পেনের মাটিতে জয় পেয়েছে আর্সেনাল। সবশেষ তারা ২০০৬ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতেছিল। এবার তারা ভ্যালেন্সিয়াকে হারিয়েছে।
তবে ঘরের মাঠে ১১ মিনিটেই গোল করে দারুণ কিছু করার ইঙ্গিত দিয়েছিল ভ্যালেন্সিয়া। কিন্তু আউবেমেয়াং এর দিনে তাদের সবকিছু বানের জলে ভেসে যায়। ১১ মিনিটে ডি বক্সের ভেতরে ভ্যালেন্সিয়ার রদ্রিগোর ক্রস আর্সেনালের নাচো মনরিয়ালের পায়ে লেগে চলে যায় কেভিন গামেইরোর কাছে। তিনি আলতো টোকায় আর্সেনালের গোলরক্ষক পিওতর চেককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান।
তবে তারা বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ১৭ মিনিটেই সমতা ফেরান আউবেমেয়াং। এ সময় আলেক্সান্দ্রে ল্যাকাজেটের পাস থেকে দারুণ এক হাফ ভলিতে বল জালে পাঠান গ্যাবনের ফুটবলার আউবেমেয়াং। এরপর অবশ্য প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। তাতে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে উভয় দল।
বিরতির পর ৫০ মিনিটে লিড নেয় আর্সেনাল। এ সময় ডি বক্সের মধ্যে বল পেয়ে ১০ গজ দূর থেকে শট নিয়ে বল জালে পাঠান ল্যাকাজেট (১-২। ৫৮ মিনিটে গোললাইনের সামনে লুজ বলে দারুণ এক গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি সমতা ফেরান ভ্যালেন্সিয়ার গামেইরো (২-২)।
৬৯ ুমিনিটে আউবেয়াংও তার জোড়া গোল পূর্ণ করে আর্সেনালকে আবার এগিয়ে নেন (২-৩)। এ সময় আইন্সলে মাইতল্যান্ড নিলেসের ক্রসে গোললাইনের সামনে পা লাগিয়ে জালে পাঠান আউবেমেয়াং। আর ৮৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ফিরতি লেগেও আর্সেনালকে ২-৪ ব্যবধানের বড় জয় এনে দেন গ্যাবনের এই ফুটবলার।
২৯ মে আজারবাইজানের বাকু শহরে অল ইংলিশ ফাইনালে চেলসির মুখোমুখি হবে তারা।

