স্পোর্টস ডেস্ক : লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় পেলে প্লে-অফে খেলতে পারবে কলকাতা নাইট রাইডার্স। এই সমীকরণ নিয়ে রোববার রাতে মাঠে নেমেছিল কেকেআর। কিন্তু জয় পায়নি তারা।
তাদের ৯ উইকেটে হারিয়েছে মুম্বাই। তাতে কলকাতাকে পেছনে ফেলে প্লে-অফে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ১৪ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে মুম্বাই।
৭ মে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই। আর ৮ মে এলিমিনেটর ম্যাচে লড়বে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। ১০ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ১২ মে হবে ফাইনাল।
যে ম্যাচের উপর কলকাতার নির্ভর করছে প্লে-অফে খেলা না খেলা, সেই ম্যাচটিতে রোববার তারা প্রথমে ব্যাট করতে নেমে ১৩৩ রানের বেশি করতে পারল না! জবাবে ১৬.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে অনায়াস জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
কুইন্টন ডি কক ২৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩০ রান করেন। অধিনায়ক রোহিত শর্মা ৪৮ বল খেলে ৮ চারে করেন অপরাজিত ৫৫ রান। তার সঙ্গে ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব।
কলকাতার ১৩৩ রানের ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান করেন ক্রিস লিন। ৪০ রান করেন রবীন উথাপ্পা। ২৬টি রান আসে নিতিশ রানার ব্যাট থেকে।

