স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে রোববার রাতে মাঠে নামে পাকিস্তান। অবশ্য টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলটি জয় পায়নি। তারা ৭ উইকেটে হার মেনেছে ইংল্যান্ডের কাছে।
কার্ডিফে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে। জবাবে ৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড।
ইংল্যান্ডের জয়ে ব্যাট হাতে সামনে থেকে দলকে টেনে নিয়েছেন অধিনায়ক ইয়ান মরগান। তিনি ২৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন। ১২ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ২০ রান করেন জো ডেনলি। এ ছাড়া জো রুট ৪২ বলে ৪৭ ও জেমস ভিন্স ২৭ বলে ৩৬ রান করেন।
তার আগে পাকিস্তানের হয়ে দুজন ব্যাটসম্যান অর্ধশত রানের ইনিংস খেলেন। উদ্বোধনী ব্যাটসম্যান বাবর আজম ৪২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৫ রান করেন। আর হারিস সোহেল ৩৬ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৫০ রান। এ ছাড়া ইমাদ ওয়াসিম ১৮ ও ফাহিম আশরাফ ১৭ রান করেন।
বল হাতে ইংল্যান্ডের জোফরা আর্চার ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন টম কুরান ও ক্রিস জর্ডান। ম্যাচসেরা হন ইয়ান মরগান।

