ঢাকাMonday , 6 May 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিটকে গেল আর্সেনালও

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকার জন্য বড় বড় দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। যা চলে লিগের শেষ ম্যাচ পর্যন্ত।
এবারও যথারীতি চলেছে। তবে আস্তে আস্তে কক্ষপথ থেকে ছিটকে যাচ্ছে দলগুলো। রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড হার্ডার্সফিল্ড টাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ চার থেকে ছিটকে যায়। আর রাতে আর্সেনাল ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ছিটকে যায়।
এই ম্যাচে জয় পেলে ও শেষ ম্যাচে জিতলে তাদের সামনে সুযোগ থাকত সেরা চারে থাকার। সেক্ষেত্রে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেত ইউনাই এমরির শিষ্যরা। কিন্তু ড্র করায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তবে এখনো আর্সেনালের সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়নস লিগে খেলার।
সেটা পেতে হলে অবশ্যই তাদেরকে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিততে হবে। অবশ্য ইতিমধ্যে ফাইনালে এক পা দিয়ে রেখে গার্নার্সরা (ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেমিফাইনাল প্রথম লেগে ৩-১ ব্যবধানে জিতেছে)। বৃহস্পতিবার স্পেনে ফিরতি লেগ খেলতে যাবে তারা।
যদিও আর্সেনাল এখনো টটেনহ্যামকে ছুঁতে পারবে পয়েন্টের দিক দিয়ে। সেক্ষেত্রে শেষ ম্যাচে বার্নলির বিপক্ষে জিততে হবে। আর টটেনহ্যামকে হারতে হবে। এটা মিলে গেলেও গোল ব্যবধানে তারা পিছিয়ে থাকবে স্পার্সদের থেকে। টটেনহ্যামের গোল পার্থক্য +২৮। আর আর্সেনালের +২০।
রোববার রাতে ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে গোলের দেখা পেতে বেশি সময় নেয়নি আর্সেনাল। ম্যাচের ৯ মিনিটের মাথায় গোল করে আর্সেনালকে এগিয়ে নেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। এ সময় নাচো মনরিয়ালকে ফাউল করেন ব্রাইটনের আলিরেজা জাহানবক্স। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে আউবেমেয়াং গোল করে এগিয়ে নেন দলকে।
অবশ্য ৬১ মিনিটে আর্সেনালের গ্রানিত শাকার ভুলে ব্রাইটনও পেনাল্টি পায়। এ সময় শাকা ফাউল করেন ব্রাইটনের সলি মার্সকে। পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে ভুল করেননি ব্রাইটনের গ্লেন মুরি। অবশ্য এরপর নিশ্চিত গোলের সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি আউবেমেয়াং। তাতে ড্র ভিন্ন অন্য কোনো ফলও হয়নি এই ম্যাচে।
অবশ্য আর্সেনাল কোচ এখন মনোযোগ দিতে চাচ্ছেন ইউরোপা লিগে, ‘আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। তবে এখন আমাদের মনোযোগ ইউরোপা লিগে। এই লিগে আমাদের সুযোগ রয়েছে গুরুত্বপূর্ণ কিছু করার। আমরা সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’
আর্সেনাল কোচ ইউনাই এমরি সেভিয়ার হয়ে টানা তিনবার উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতেছিলেন।
৩৭ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট নিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন রয়েছে পয়েন্ট টেবিলের ১৭তম অবস্থানে। তার মানে টানা তৃতীয়বারের মতো তারা প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছে।